মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ রাজনৈতিক নেতা শেখ সুজাউদ্দিন সুজা। এলাকার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ সুজাউদ্দিন সুজা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। রাজনৈতিক জীবনে তিনি বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজ ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মোড়লগঞ্জ উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের একজন সক্রিয় সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ সুজাউদ্দিন সুজা বারবার নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হলেও তিনি রাজপথ ছেড়ে যাননি এবং দলের আদর্শে অবিচল থেকেছেন।
এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার কারণে দৈবজ্ঞহাটী ইউনিয়নে তার নিজস্ব একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শেখ সুজাউদ্দিন সুজাকে ঘিরে নির্বাচনী আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
সংবাদ সম্পাদনা: রফিকুল ইসলাম রুমি
সম্পাদক, বাংলার আলো টিভি ২৪
ওয়েবসাইট: www.banglaralotv24.com