ও চান্দিনার রাজনীতিতে ফিরছেন মঞ্জুরুল আহসান মুন্সী ও আতিকুল আলম শাওন
বিশেষ প্রতিনিধি ।।
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার দুই প্রভাবশালী নেতা—সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের হচ্ছে ছড়িয়ে পড়েছে। বহিষ্কারাদেশ উঠে গেলে দেবিদ্বার ও চান্দিনা উপজেলা বিএনপির রাজনীতিতে তাঁরা আবারও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে আলোচনা চলছে।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সাবেক সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দেবিদ্বার উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ও প্রভাবশালী নাম। দীর্ঘ সময় ধরে দেবিদ্বার তথা কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বর্ষীয়ান নেতা।
তবে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত হন তিনি। পদ-পদবি থেকে বিচ্ছিন্ন থাকলেও দেবিদ্বার উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের একটি বড় অংশ সব সময় তাঁর সঙ্গে থেকে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
অন্যদিকে, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ও প্রভাবশালী নাম খোরশেদ আলমের পরিবার। ২০০৩ সাল থেকে চান্দিনা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও নেতৃত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পরিবারটি। ২০১৮ সালে বিএনপির সাবেক নেতা খোরশেদ আলমের মৃত্যুর পর তাঁরই পুত্র আতিকুল আলম শাওন উপজেলা বিএনপির সভাপতি পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেন।
তবে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি থেকে বহিষ্কৃত হন আতিকুল আলম শাওন। সাংগঠনিকভাবে বিচ্ছিন্ন হলেও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের একটি বড় অংশ মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সম্প্রতি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক আলোচনা শুরু হওয়ায় দেবিদ্বার ও চান্দিনার রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং এমপি আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের গুঞ্জনে দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের মতে, দলীয় রাজনীতিতে তাঁদের প্রত্যাবর্তন ঘটলে এবং নতুন সাংগঠনিক দায়িত্ব পেলে দেবিদ্বার ও চান্দিনায় বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।