মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি: আঃ কুদ্দুস খান
“মা ইলিশ রক্ষা করি, সোনালী ইলিশে দেশ ভরি”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা সফল করতে নদীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বলেশ্বর নদীসহ উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলে ও সাধারণ মানুষকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে নির্ধারিত এলাকায় ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবৈধ জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত নৌযান নিয়ে অবস্থান করাও আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।
পথসভায় জেলেদের নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সচেতন করা হয়। এ সময় মৎস্য দপ্তরের পক্ষ থেকে জেলে ও সাধারণ মানুষের মধ্যে হ্যান্ডবিল, ব্যানার ও ফেস্টুন বিতরণ করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, মঠবাড়িয়ার তুষখালী, কাটাখাল, মাছুয়া ও জলাঘাটা-সাংরাইলসহ কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মা ইলিশ আহরণের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় অবৈধ মাছ শিকার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, নিষেধাজ্ঞার সময় কিছু অসাধু ব্যক্তি জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মা ইলিশ আহরণে সহযোগিতা করে থাকে। অতীতে অভিযান পরিচালনাকারী প্রশাসনের সঙ্গে বিরোধ ও হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা চলাকালে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ সফল করতে জেলে, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।