মোড়েলগঞ্জ প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
বাগেরহাটের মোড়েলগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল খেলা। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের নান্দনিক প্রাঙ্গণে চার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলাকে ঘিরে সকাল থেকেই মাঠজুড়ে ছিল তরুণ খেলোয়াড়দের প্রাণচাঞ্চল্য। ফাইনাল ম্যাচ দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দ-উৎসবের মিলনমেলায়। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জজ কোর্টের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা, সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খেলাফত হোসেন খসরু এবং সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক হাসান কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম পল্টু, আলী আকবর মিন্টু, মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সফলভাবে প্রতিযোগিতা আয়োজন করায় সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, আয়োজক কমিটি, অতিথিবৃন্দ, খেলোয়াড় এবং উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বাংলার আলো টিভি ২৪
সংবাদ সংগ্রহ: নুরুল আলম সোহাগ