বাগেরহাট মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৪ নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট খান কেরামত আলী। মোরেলগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান নেতা একটি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক নির্বাচনী বার্তায় অ্যাডভোকেট খান কেরামত আলী বিগত ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের পর মুক্ত গণতান্ত্রিক পরিবেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি লোভ-লালসা এবং ভয়ের ঊর্ধ্বে উঠে নীতি ও যোগ্যতার মূল্যায়নের মাধ্যমে সৎ নেতা নির্বাচনের অনুরোধ করেন।
তিনি তার বক্তব্যে বলেন, "আমি একবার আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে এই ইউনিয়নের দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে আমার কোনো অজ্ঞানতার কারণে কোনো অন্যায় বা জুলুম কাউকে স্পর্শ করেনি। আপনারা আমার কাছে যে আস্থা ও বিশ্বাসের আমানত রেখেছিলেন, তার কোনো খিয়ানত আমি করিনি।"
নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি হিসেবে তিনি মূলত তিনটি প্রধান অঙ্গীকার ইউনিয়নবাসীর সামনে তুলে ধরেছেন:
১. ঘুষ ও দুর্নীতিমুক্ত পরিষদ গঠন: ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবা দুর্নীতিমুক্ত ও সহজলভ্য করা।
২. সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠন: কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদকসেবীর কাছে মাথা নত না করে পুরো এলাকাকে নিরাপদ রাখা।
৩. বেকার যুবকদের কর্মসংস্থানে পরিকল্পনা বাস্তবায়ন: ইউনিয়নের তরুণ সমাজকে দক্ষ করে তুলতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ।
পবিত্র কুরআনের সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি ইউনিয়নবাসীকে যোগ্য নেতা নির্বাচনের আমানত ও দায়িত্ব মনে করিয়ে দেন। জীবনের শেষ ধাপে দাঁড়িয়ে কোনো অন্যায় বা অপশক্তির কাছে জিম্মি না হয়ে, জনগণের ভালোবাসা ও মূল্যবান ভোটের শক্তিতে দৈবজ্ঞহাটি ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য বলে তিনি পুনর্ব্যক্ত করেন।