
শেখ মিজানুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫৭ বছর পূর্তি উপলক্ষে ‘রি-ইউনিয়ন ২০২৭’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিখালী ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিলটনের সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের গৌরবময় অতীত, ঐতিহ্য ও সাফল্যের ইতিহাস তুলে ধরা হয়। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুয়াল হোসেন, রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক এইচএম ইকবাল হোসেন ও সদস্যসচিব মাসুদ আলম। এ ছাড়া বক্তব্য দেন নাজির আহমেদ, হাসিবুর রহমান, মাস্টার কামরুল ইসলাম, মাস্টার আনিসুর রহমান, মাস্টার আলাউদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার দীর্ঘ ৫৭ বছরে বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের দীর্ঘ পথচলার স্মৃতি, ঐতিহ্য ও অর্জনকে স্মরণীয় করে রাখতে ২০২৭ সালের রি-ইউনিয়ন অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা প্রয়োজন।
তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আবারও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় একত্রিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তনীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।
সভা থেকে ‘রি-ইউনিয়ন ২০২৭’ সফল করতে বিদ্যালয়ের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।