
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন;
বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর):
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়নের নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
ইউনিয়নের বিভিন্ন নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্র সচিব হাফেজ মুহাম্মদ সোলায়মানের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাপলেজা ইউনিয়ন পরিষদের প্রশাসক শফিকুল ইসলামের নির্দেশনায় দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের দফাদার মাসুম বিল্লাহ এবং ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ নাঈম হাসান।
আয়োজকরা মনে করেন, এ ধরনের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।