
সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি ;
আমরা বিগত ১৭ বছরে দেখেছি, শ্রমিকদের বুকের রক্ত ঝরেছে, শত শত শ্রমিকের প্রাণহানি ঘটেছে, অসংখ্য শ্রমিকের জীবন বিপন্ন হয়েছে। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে বারবার বিলম্ব করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে রক্ত দিতে হয়েছে, জীবন উৎসর্গ করতে হয়েছে।
বিগত ১৭ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের ক্ষেত্রে যে অবহেলা ও বৈষম্য আমরা দেখেছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মালিকপক্ষের প্রভাব ও স্বার্থের কাছে শ্রমিকদের ন্যায্য দাবি অনেক সময় উপেক্ষিত হয়েছে। শ্রমিকদের মানুষ হিসেবে প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হয়নি।
কিন্তু আমরা ইতোমধ্যে বর্তমান সরকারের কার্যক্রমে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রমিকদের মনের ভাষা বুঝতে পেরেছেন এবং শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে মালিকপক্ষের প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। শ্রমিকদের ত্যাগ, আত্মত্যাগ ও দীর্ঘদিনের বঞ্চনাকে মূল্যায়ন করে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
শুধু তাই নয়, স্বাধীনতার ৫৬ বছরের ইতিহাসে শ্রমিকদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা মনে করি, শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি উন্নত চিকিৎসা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার এবং মজুরি বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
একই সঙ্গে দেশের সকল শ্রমিক ভাই-বোনের প্রতি আমাদের আহ্বান—ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি শিল্পের স্বার্থ, উৎপাদন ও কর্মসংস্থান রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করুন। রাজপথের আন্দোলন থেকে কর্মক্ষেত্রে ফিরে গিয়ে ঐক্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উৎপাদনশীলতা বাড়াতে সহযোগিতা করুন।
আমরা চাই, কোনো গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে শ্রমিকদের কর্মসংস্থান নষ্ট না হোক। মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও আস্থার সম্পর্ক গড়ে উঠুক। শ্রমিকের ঘাম ও মালিকের বিনিয়োগ—দুটির সমন্বয়েই এগিয়ে যাক বাংলাদেশের শিল্পখাত।
আমাদের লক্ষ্য হোক, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাওয়া। শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, ন্যায্য মজুরি নিশ্চিত হোক, শিল্প বাঁচুক, কর্মসংস্থান বাড়ুক এবং সমৃদ্ধ হোক বাংলাদেশ।
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে বাংলাদেশ এগিয়ে যাবে।
ইমরান খান
সিনিয়র সহ-সভাপতি
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ
কেন্দ্রীয় নির্বাহী সংসদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।