
কুমিল্লা দেবিদ্বার ও চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ, ডিসেম্বরেই সিদ্ধান্তের সম্ভাবনা;
নিজস্ব প্রতিবেদক;
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করা এবং বহিষ্কারাদেশের পরও বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। এ ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহিষ্কৃত নেতারা। পাশাপাশি অতীতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া নেতাদেরও ফেরানোর বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই আলোচনায় কুমিল্লার রাজনীতিতে আলোচনায় রয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
দলীয় সূত্রের দাবি, ডিসেম্বরের মধ্যে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব ও স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হবে বলে জানা গেছে।
দেবিদ্বার-চান্দিনায় মঞ্জু ও শাওনকে ঘিরে আলোচনা
কুমিল্লার দেবিদ্বার ও চান্দিনার রাজনীতিতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং আতিকুল আলম শাওনের প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে—এমন গুঞ্জনে দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও কুমিল্লা উত্তর জেলার বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত হন মঞ্জুরুল আহসান মুন্সী। বহিষ্কারের পরও তাঁর অনুসারী নেতা-কর্মীদের একটি অংশ রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে। সম্প্রতি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সাংগঠনিকভাবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে দলীয় মহলে আলোচনা চলছে।
অন্যদিকে, চান্দিনার রাজনীতিতে আতিকুল আলম শাওনের প্রত্যাবর্তন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত শাওন দলীয় মনোনয়ন না পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিজয়ী হয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়।
শাওন বিএনপি ছাড়েননি বলে দাবি করে দলে ফিরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের একটি বড় অংশও চান্দিনার রাজনীতিতে সক্রিয় রয়েছে।
ফিরতে চান সাক্কু ও কায়সারও
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারও বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রত্যাশায় রয়েছেন।
২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৭ মার্চ মেয়র পদে উপনির্বাচনেও তাঁরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হন। দুই নির্বাচনে পরাজিত হলেও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাঁদের সক্রিয়তা অব্যাহত রয়েছে বলে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সাক্কু তাঁর অনুসারীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীর পক্ষে প্রচার ও সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন বলে তাঁর অনুসারীদের দাবি। তিনি বিএনপি ছাড়েননি এবং দলীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন।
নিজাম উদ্দিন কায়সারও বহিষ্কারাদেশ থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, নেতা-কর্মীদের সংগঠিত করা এবং দলীয় কার্যক্রমে ভূমিকা রাখছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তাঁরও বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রত্যাশা রয়েছে।তৃণমূলের রাজনীতিতে নতুন সমীকরণ
বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপির সাংগঠনিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
দেবিদ্বার, চান্দিনা ও কুমিল্লা মহানগর এলাকায় এসব নেতার অনুসারী এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী-সমর্থক রয়েছে। তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে বলে তৃণমূলের অনেকের প্রত্যাশা।
তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ-পদবি প্রদান কিংবা সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট নেতারা ও তাঁদের অনুসারীরা।
সব মিলিয়ে ডিসেম্বরকে সামনে রেখে বিএনপির বহিষ্কৃত নেতাদের প্রত্যাবর্তন নিয়ে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত কারা দলে ফিরবেন, কাকে কী সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে—তা নির্ভর করছে দলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।